সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অধস্তন আদালতের বিভিন্ন পদমর্যাদার মোট ৯৯ জন বিচারককে একযোগে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত বিচারকদের মধ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, দুজন সিনিয়র সহকারী জজ (সিনিয়র সিভিল জজ) এবং দুজন সহকারী জজ (সিভিল জজ) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরমর্শক্রমে এবং জনস্বার্থে আইন ও বিচার বিভাগের নির্ধারিত বিধিমালা অনুযায়ী এ বদলির আদেশ জারি করা হয়েছে। আদেশে উল্লিখিত বিচারকদের নির্ধারিত তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *