সাভারে বজ্রাঘাতে নিহত ৩

সাভারে বজ্রাঘাত তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নর কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির (ক্যাম্প) ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন দ্বীন ইসলাম (৪৫), দুলাল (৬০) ও হক আলী প্রমানিক (৬২)। এদের মধ্যে দ্বীন ইসলাম কৃষক এবং অপর দুজন দিনমজুর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দিনমজুর নিয়ে নিজের লাল শাকক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন দ্বীন ইসলাম। বিকেল ৫টায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনজনই বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইমরান হোসেন তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। নিহত দ্বীন ইসলাম সাভারের বলিয়ারপুর এলাকার মৃত বুদ্দু মিয়ার ছেলে। দুলাল রংপুর জেলার মিঠাপুকুর থানার গিরাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও হক আলী প্রমাণিক রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামের আদু প্রামানিকের ছেলে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজন জমির মালিক এবং অন্য দুজন শ্রমিক ছিলেন। শ্রমিকদের বাইরে থেকে কাজের জন্য আনা হয়েছিল। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *