মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল দুই কৃষকের

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ফসলের জমিতে কাজ করার সময় বজ্রঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাঞ্চননগর গ্রামের নেওয়াজ হোসেনের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির পাশের ফসলের ক্ষেতে কাজ করছিলেন কবির ও শহিদুল। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির মধ্যেই ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করা বা অবস্থান করা ঝুঁকিপূর্ণ হওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *