তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই, আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা, এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দিই। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে এ বছর দেওয়া যাবে কিনা সেই বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা না-ও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি, যারা বর্তমানে সারের ডিলার রয়েছে তারা ভিন্নমতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সঙ্গে বসেছি।
জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়া সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য দেন।