সম্মিলিত ব্যাংক : পাঁচ ব্যাংক থেকে তুলে নেওয়া হবে প্রশাসক

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাই একীভূত হওয়া এসব পাঁচ ব্যাংকের প্রশাসক ধাপে ধাপে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার (২০ জুলাই) গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ওইদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। এর আগে গত রোববার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে সভা করেন গভর্নর।

আর্থিক সংকটে দুর্দশায় পড়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত অন্তর্বর্তী সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

একীভূত পাঁচ ব্যাংকের প্রশাসক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, পর্যায়ক্রমে সব ব্যাংকের প্রশাসকদের তুলে নেওয়া হবে। যে ব্যাংক থেকে তুলে নেওয়া হবে, সেই ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ চলে যাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে। অবশ্য এর আগে ব্যাংকের আর্থিক অবস্থা, পরিচালনাগত দায়, পুনর্গঠনের প্রক্রিয়ার মত বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ৩৫ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে। গত ২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। গত ১৬ জুলাই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিয়েছেন মো. আবেদুর রহমান সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *