শ্রীলঙ্কায় ভয়াবহ খরা, পানি সংকটে হাজারো মানুষ

প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনজনিত পরিবেশগত দুর্যোগ ‘এল নিনোর’ প্রভাবে তীব্র খরার মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির সাতটি জেলা জুড়ে প্রায় ৭২ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে পড়েছেন। এই সংকট মোকাবিলায় সরকার সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিয়েছে। খবর রয়টার্সের।

শ্রীলঙ্কায় এ বছরের এল নিনোর প্রভাব গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। দেশটির শত শত ছোট জলাধারের পানির স্তর কমে ১০ শতাংশে নেমে এসেছে। কেবল পানীয় জলের সংকটই নয়, এতে নারিকেল ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাল দিতে দেশটির সরকার বাজেট থেকে ৪.৮ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে। পরিবেশমন্ত্রী দাম্মিকা পাটাবেন্দি সাংবাদিকদের জানান, সরকার আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই আপৎকালীন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। পরিস্থিতি অনুযায়ী এর সময়সীমা আরও বাড়ানো হবে। সেপ্টেম্বরের শেষভাগে মৌসুমি বৃষ্টির আশাবাদ থাকলেও আগামী বছরের শুরুতে আবার খরা ফিরে আসতে পারে বলে তিনি সতর্ক করেন।

খরা সামাল দিতে সরকার দেশের স্বাভাবিক অঞ্চলগুলো থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানি পরিবহণ করছে। প্রতিটি পরিবারকে তাদের পানীয় ও ব্যবহারের জন্য প্রতি দুই থেকে তিন দিন অন্তর আনুমানিক ৭৫ লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

মানুষের পাশাপাশি বন্যপ্রাণী সুরক্ষাতেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। শ্রীলঙ্কার বিখ্যাত ইয়ালা ন্যাশনাল পার্কসহ অন্যান্য বন্যপ্রাণী অভয়ারণ্যে সৌরশক্তিচালিত পাম্প ব্যবহার করে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যাতে বিলুপ্তপ্রায় চিতাবাঘসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ রাখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *