শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘জেনোসাইড’ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার পর ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা সম্মিলিতভাবে একটি নারকীয় হত্যাযজ্ঞ চালায়। তবে ঘটনার পর এ বিষয়ে দায়ের করা মামলার কার্যকর কোনো তদন্ত এগিয়ে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বহু চেষ্টা সত্ত্বেও এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার হয়নি। অবশেষে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম বলেন, চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শাপলা চত্বরের মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছেন। দ্রুত তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় শিশুসহ বহু আলেম-ওলামাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এটি ছিল একটি ‘জেনোসাইড’। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এত বর্বরোচিত হত্যাকাণ্ডের নজির নেই।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে মোট ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। প্রথমটি ২০১৩ সালের ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় ৩২ জন নিহত হওয়ার অভিযোগ এবং দ্বিতীয়টি ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ। এই দুটি ঘটনায় মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে দায়ের করা ওই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছিল।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *