শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইবুনাল: চিফ প্রসিকিউটর

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাপলা চত্বর গণহত্যায় আসামি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, চলমান তদন্তে তার সম্পৃক্ত পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে চলা তদন্ত শেষ হলে ব্রিফিং করে সব জানানো হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

এর আগে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে লাখো কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।

সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।

শাপলা চত্বরের অভিযানে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশ নিহতের সংখ্যা ৯৩ জন বলে দাবি করে। সংগঠনটি নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *