রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে মিয়ানমারে তাদের সেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইজারল্যান্ডের ধারাবাহিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেনগলি। একইসঙ্গে এই সংকটের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেনগলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীব মো. হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

উভয় পক্ষ অর্থনৈতিক যৌথ অংশীদারিত্বকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অন্যতম মূল স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও প্রসারের উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের কর্মীবাহিনীর প্রযুক্তিগত ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও তারা একমত হন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার জন্য নিয়মিত বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি ও গভীরতা আরও প্রসারিত হবে।

উভয় পক্ষই গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মতো যৌথ মূল্যবোধের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এসব মূল্যবোধ রক্ষা করার জন্য তারা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনরুল্লেখ করেন।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে রাষ্ট্রদূত মিয়ানমারে তাদের সেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইজারল্যান্ডের ধারাবাহিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে এই সংকটের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *