রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার (৮ জুন) দিনব্যাপী উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীরসহ খালের জায়গা দখল করে নির্মিত বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের বরপা এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সরকারি খালের দুই পাশ দখল করে অবৈধ স্থাপনা ও পাকা সীমানা প্রাচীর গড়ে তুলেছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত ও পাউবো কর্তৃপক্ষ যৌথভাবে এই উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে স্কেভেটর (ভেকু) ব্যবহার করে মজুমদার গ্রুপের অবৈধ সীমানা প্রাচীরসহ খালের ভেতরের সব পাকা-আধাপাকা স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।

এসময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ১৩ কিলোমিটারের এই দীর্ঘ খালটি সম্পূর্ণ দখলমুক্ত হলে এলাকার স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ পুনরায় ফিরে আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, সরকারি খাল ও জলাশয় রক্ষায় আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে সরকারি খাল উদ্ধারের এই অভিযান আগামীতেও নিয়মিত চলমান থাকবে। কোনো প্রভাবশালী দখলদারকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *