রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বিভিন্ন অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভাসহ (এজিএম) বিরোধপূর্ণ সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রিহ্যাব সভাপতিকে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্রসহ মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। রিহ্যাবের সহসভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসের ২৬ জুলাই তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বোর্ডের অনুমোদন ছাড়া রিহ্যাবের তহবিল থেকে দুই কোটি টাকা ব্যয়, স্ট্যান্ডিং কমিটিসহ ‘রিহ্যাব কমিটি’ গঠনে অনিয়ম, এজিএমের স্থান ও তারিখ নির্ধারণ এবং উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে রিহ্যাব ভবন উদ্বোধন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিকরণ এবং কার্যালয়ের গোপনীয় তথ্য প্রকাশ।
এ ছাড়া রিহ্যাব সামার ফেয়ার ২০২৬ আয়োজন, ক্রয়-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করা, সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্ব, সভাপতির পক্ষ নিয়ে পরিচালকের সঙ্গে অসদাচরণ এবং মেম্বারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকদের অন্তর্ভুক্ত না করার অভিযোগও রয়েছে।
রিহ্যাবের বিরুদ্ধে উত্থাপিত ১২টি অভিযোগ
১. বোর্ডের অনুমোদন ছাড়াই রিহ্যাব তহবিল থেকে ২ (দুই) কোটি টাকা ব্যয়।
২. রিহ্যাব ‘স্ট্যান্ডিং কমিটি’ ও ‘রিহ্যাব কমিটি’ গঠনে অনিয়ম।
৩. এজিএম-এর স্থান ও তারিখ নির্ধারণ এবং উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে রিহ্যাব ভবন উদ্বোধন।
৪. রিহ্যাব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতকরণ।
৫. রিহ্যাব অফিসের গোপনীয় তথ্য প্রকাশ।
৬. রিহ্যাব সামার ফেয়ার ২০২৬ আয়োজন।
৭. ক্রয় সংক্রান্ত ‘স্ট্যান্ডিং কমিটি’ বিলুপ্তকরণ।
৮. সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্বকরণ।
৯. সভাপতির পক্ষপাতমূলক আচরণ করে পরিচালকের সঙ্গে অসদাচরণ।
১০. মেম্বারশিপ ডেভেলপমেন্ট ‘স্ট্যান্ডিং কমিটিতে’ পরিচালকদের অন্তর্ভুক্ত না করা।
১১. সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি-১ কে দায়িত্ব দেওয়া।
১২. পরিচালনা পর্ষদের সভা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত।
মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধের বিষয়গুলোর কার্যক্রম বন্ধ রাখতে রিহ্যাব সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুনানিতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাণিজ্য সংগঠন অনুবিভাগের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হবে।