রায়হান রাফীর ‘লায়ন’ করছেন না জিৎ

টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে সিনেমাটির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সিনেমাটির শুটিং কিংবা নির্মাণ নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। 

তবে এনটিভি অনলাইন ২০২৪ সালের নভেম্বরেই জানিয়েছিল, আপাতত হচ্ছে না রাফীর ‘লায়ন’। এবার সেই সিনেমা নিয়ে সরাসরি নিজের অবস্থান জানালেন জিৎ। স্পষ্ট করে দিয়েছেন, ‘লায়ন’-এ আর অভিনয় করছেন না তিনি।

এ প্রসঙ্গে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল। মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।’

জিতের ভাষ্য অনুযায়ী, সিনেমাটি পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছিলেন রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে আর রাজি হননি অভিনেতা। নির্মাতাকে নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। এর আগে রায়হান রাফী জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত থাকার কথা ছিল। তবে সিনেমাটি নিয়ে জিতের এমন বক্তব্যের পর এখনো রাফীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *