দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ বুধবার (১০ জুন) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে ঘরের মাঠ লেইরিয়াতে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কারা সম্প্রচার করবে সেটি জানা যায়নি। তবে আনঅফিসিয়ালভাবে স্পোর্টসজিফাই অ্যাপ এ খেলা যাবে বাংলাদেশ থেকে।
এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। সবমিলিয়ে বিশ্বকাপে ভালো করার লক্ষ্য পর্তুগালের। মুলমঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝাঁলিয়ে নেওয়ার লক্ষ্য পর্তুগিজদের।
ম্যাচের আগে কোচ রবের্তো মার্তিনেজও সেটাই জানিয়েছেন। পুরো দলকেই মাঠে নামাতে চান তিনি। মার্তিনেজ বলেন, ‘পরিকল্পনা হলো শুরুর একাদশের সবাইকে বদলি করে অন্যদেরও খেলার সুযোগ দেওয়া। আমাদের প্রধান লক্ষ্য হলো বিশ্বকাপের আগে প্রত্যেক খেলোয়াড়কে প্রস্তুত করা।’
ফুটবলারদের বাজিয়ে দেখলেও এ ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট হিসেবেই মাঠে নামবে পর্তুগাল। দুই দলের শক্তি-সামর্থ কিংবা ইতিহাস-ঐতিহ্য সবখানেই এগিয়ে পর্তুগাল। মুখোমুখি পরিসংখ্যানও কথা বলছে সিআরসেভেনদের পক্ষে।
পরিসংখ্যান বলছে, এর আগে একবার মুখোমুখি হয়েছিল পর্তুগাল আর নাইজেরিয়া। ২০২২ সালের সেই ম্যাচে ৪-০ গোলের এক জয় পেয়েছিল পর্তুগাল। ফলে নাইরেজিয়ার বিপক্ষে শতভাগ জয় নিয়েই মাঠে নামবে রোনালদোরা।
তবে, সাম্প্রতিক সময়ে নাইজেরিয়াও বেশ ভালো ফর্মে রয়েছে। নিজেদের শেষ ছয় ম্যাচে অপরাজিত দলটি। পরিসংখ্যান আরেকটু বড় করলে, শেষ ১২ ম্যাচের মধ্যে নয়টিতেই জয়লাভ করেছে তারা।