বিশ্বকাপ ফাইনালে গোলের স্বপ্ন ব্রাজিল স্ট্রাইকারের

আসন্ন ২০২৬ বিশ্বকাপে আবারও শিরোপার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি না জেতা সেলেসাওরা দীর্ঘ দুই যুগের অপেক্ষা শেষে হেক্সা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে।

এই স্বপ্নেরই অংশ হয়ে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করার কল্পনায় বিভোর ব্রাজিল স্ট্রাইকার লুইজ হেনরিকে। রাশিয়ান ক্লাব জেনিতের হয়ে খেলা এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রায়ই নিজেকে ফাইনালের নায়ক হিসেবে কল্পনা করেন।

হেনরিকে বলেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে হবে। কিন্তু আমি প্রায় প্রতিদিনই স্বপ্ন দেখি, আমি ফাইনালে গোল করছি। এই মুহূর্তটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে।’ তার বিশ্বাস, এমন মানসিক প্রস্তুতি একজন খেলোয়াড়কে বড় মঞ্চে ভালো করতে সাহায্য করে।

ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে রয়েছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের পাঁচটি শিরোপা। সেই গৌরবময় পথ ধরে আবারও ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন হেনরিকে।

তিনি বলেন, ‘আমার মেন্টর আমাকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ফাইনালে জয়সূচক গোল করার কল্পনা করতে বলেন। সুযোগ পেলে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে চাই।’

চেলসির তরুণ ফুটবলার এস্তেভাওর চোটের কারণে মূলত জাতীয় দলে সুযোগ পেয়েছেন হেনরিকে। তবে সুযোগ পেলে ক্লাবের মতো জাতীয় দলেও নিজের সেরাটা দিতে চান তিনি। তার বলেন, ‘আমি নিয়মিত অনুশীলন করছি এবং যেকোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে প্রস্তুত আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *