রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হিরা (৪০) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত কামরুল ফকিরকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোরাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হিরা গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত জাবেদ ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার কাজী পাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। অন্যদিকে গ্রেপ্তারকৃত কামরুল ফকির গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শরিফুল ও কামরুল পরস্পরের পরিচিত ছিলেন। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে শরিফুল কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে কয়েক দিন আগে দুজনের বাকবিতণ্ডা হয়।

এরই জেরে আজ সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে তোরাইড় মোড় এলাকায় শরিফুলের ওপর হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় কামরুল। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত কামরুল ফকিরকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাওনা টাকা না পাওয়ার ক্ষোভ থেকেই এ হামলা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *