রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জাহিদুল ইসলাম রনি বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান বলেও জানান জাহিদুল ইসলাম রনি।

উপ-প্রেস সচিব আরও বলেন, এরপর প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাম দিকে যাত্রাবাড়ী মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক; দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত সড়ক হয়ে নয়াবাজার; বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক প্রদক্ষিণ করেছে।

এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

উপ প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *