ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (২৮ আগস্ট) আসামি সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।