অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার

খুলনার কয়রায় অপহরণ করে হত্যার পর লাশ গুমের অভিযোগে করা মামলার ভুক্তভোগী আয়শা খাতুনকে (৩৬) ঢাকার থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়রা থানার নাকশা গ্রামের আয়শা খাতুনকে গত ১১ জুলাই মসজিদকুড় ব্রিজ থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমন অভিযোগে তার মা আমেনা খাতুন গত ৩ আগস্ট আদালতে মামলা করেন। টাকা না পেয়ে আয়শাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে আদালত মামলাটির তদন্তভার পিবিআই দেন।

পুলিশ জানায়, পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এস এম রাজীব রায়হান তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আয়শার অবস্থান শনাক্ত করেন। পরে পিবিআইয়ের একটি দল গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে।

পরে আদালতে হাজির করা হলে আয়শা খাতুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি ও তদন্তে জানা যায়, প্রায় ১২ বছর আগে ইসলাম সরদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসারে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিয়ে প্রায় দেড় মাস আগে পরিবারের কাউকে না জানিয়ে তিনি স্বেচ্ছায় ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন।

পিবিআইয়ের খুলনার বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, অপহরণ ও হত্যা মামলার ভিকটিমকে জীবিত উদ্ধারের মাধ্যমে পিবিআইয়ের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *