রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে  গুলি করে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবদলকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পাশের পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

রাত ১০টা পর্যন্ত করিমের মরদেহ বাজারের সড়কের পাশে উপুড় অবস্থায় পড়ে ছিল। 

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে জানি না, আমরা মাত্র ঘটনাস্থলে এসেছি।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত ও ঘটনার পেছনের বিরোধ খতিয়ে দেখছেন বলে জানান ওসি।

এর আগে গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজারের চৌমুহনী এলাকায় একদল অস্ত্রধারী গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৮) হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *