আদালতের দ্বিতীয় তলার গারদখানা থেকে লাফিয়ে আসামির পলায়ন

সিরাজগঞ্জে আদালতের দ্বিতীয় তলার গারদখানা থেকে লাফ দিয়ে আব্দুল মমিন (বড় গ্যাদা) নামে এক আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার গারদখানা থেকে লাফ দিয়ে সে পালিয়ে যায়।

পলাতক আসামি আব্দুল মমিন (বড় গ্যাদা) সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার সফর শেখের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল বলেন, শুনলাম দ্বিতীয় তলা থেকে এক হাজতি আসামি লাফ দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

আদালতে হাজিরা দিতে আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন, বেলা ১১টার দিকে একজন আসামি আদালতের দ্বিতীয় তলার গারদখানা থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তার পিছু নিলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পলাতক আব্দুল মমিনের ভায়রা কিসমত আলী বলেন, আব্দুল মমিন চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। ২০-২২ দিন আগে সে আমার বাড়িতে চুরি করতে যায়। সে ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে পড়ে। পরে আমিসহ এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেই। চুরির মামলায় সে জেলহাজতে আটক আছে। কিছুক্ষণ আগে বাড়িতে পুলিশ এসেছিল। সে নাকি কোর্ট থেকে পালিয়ে গেছে।

কিসমত আলী আরও বলেন, ২০২৩ সালে কোবদাসপাড়া মহল্লায় ইউসুফ নামে এক যুবককে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আব্দুল মমিন এজাহারভুক্ত আসামি। বেশ কিছুদিন কারাভোগ করে কিছুদিন আগে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। জেল থেকে বের হয়ে সে চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত হয়ে পড়ে। এলাকার লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *