সম্প্রতি মরক্কান তরুণীকে বিয়ে করেছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা কার্লোস রবার্তো। এরপরই গুঞ্জন উঠেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত কার্লোস রবার্তোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এরই মাঝে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে অভিনন্দন জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।
বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের আগের ও বর্তমান সময়ের দুটি ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
সাবেক এই ব্রাজিল কিংবদন্তির জন্য বিশেষ দোয়া করে শায়খ ইয়াসির আদ-দোসারি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
এর আগে গত মঙ্গলবার বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে। মূলত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তা দেন ওই সংসদ সদস্য।
ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে আলিসাহিন জানান, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরেই শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর অংশ হিসেবে চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করেন। ওই পোস্টে ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের সুখ-শান্তি কামনা করেন তুর্কি এই সাংসদ।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ার পার করা কার্লোস ফুটবল জীবনের শেষভাগে তুরস্কের জনপ্রিয় ক্লাব ফেনেরবাচেতেও খেলেছিলেন। তুরস্কে তার বেশ পরিচিতি থাকায় তুর্কি সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে জোরেশোরে সংবাদ প্রচার করা হচ্ছে।
এদিকে, ইসলাম ধর্ম গ্রহণের এই খবরের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি বেশ ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত ফুটবল এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।