পাকিস্তানে নিজেদের প্রথম অফিস চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট গুগল। মূলত পাকিস্তানকে ৩০ বিলিয়ন ডলারের আইটি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে সহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
ইসলামাবাদে গুগলের নতুন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। তিনি এই উদ্যোগকে পাকিস্তানের ডিজিটাল রূপান্তরের এক বড় মাইলফলক ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন এল. হোয়াইট জানান, গত ১০ বছরে তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানি ব্যবসা ও সাধারণ মানুষ দেশটির অর্থনীতিতে ৩.৯ ট্রিলিয়ন রুপির বেশি যোগ করেছে। একই সঙ্গে এর ফলে সৃষ্টি হয়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি কাজের সুযোগ। তিনি আরও বলেন, পাকিস্তানে এটি গুগলের মাত্র শুরু। দেশটির আইটি খাতের রপ্তানি বাড়ানোর লক্ষ্য পূরণে আমরা পুরোপুরি পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
গুগল জানিয়েছে, নিজেদের ‘ক্যারিয়ার সার্টিফিকেট প্রোগ্রাম’ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় তারা এরই মধ্যে ১০ লাখের বেশি পাকিস্তানিকে আইটি প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি দেশজুড়ে সব শিক্ষার্থীকে এক বছরের জন্য বিনামূল্যে ‘গুগল জেমিনি’ ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখায় দারুণ কাজে আসবে।
পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা খাজা বলেন, গুগলের এই অফিস খোলার বিষয়টি প্রমাণ করে যে দেশটির ডিজিটাল অর্থনীতি নিয়ে বিশ্বের আস্থা বাড়ছে। ইসলামাবাদ জানিয়েছে, এই পদক্ষেপে দেশের তরুণরা আধুনিক প্রযুক্তি ও ক্লাউড সেবায় দক্ষ হয়ে উঠবে এবং আন্তর্জাতিক শ্রম বাজারে নিজেদের তুলে ধরতে পারবে।