রমিজ হত্যা : আওয়ামী লীগনেতা নজরুল কারাগারে

রাজধানীর তেজগাঁও থানায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন। একই সঙ্গে এ মামলায় তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামীকাল বুধবার পরবর্তী দিন নির্ধারণ করেন তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগররের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার এজাহার থেকে জানা গেছে,২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। সেদিন কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে গুলিবিদ্ধ হন তিনি।

এজাহার থেকে আরও জানা গেছে, আসামিদের ছোড়া গুলি তার ডান চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রূপের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *