দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা গল্পও অকপটে ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার তিনি জানালেন এমন এক বদ অভ্যাসের কথা, যা ছাড়তে বহুবার চেষ্টা করেও সফল হননি।
সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারণায় দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, ছোটবেলা থেকেই তার পান খাওয়ার অভ্যাস। তিনি বলেন, তার ঠাকুরমা পান সাজানোর সময় ছোট্ট করে তাকে খেতে দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে এই অভ্যাস গড়ে ওঠে।
জয়ার ভাষায়, “আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই পারি না। ঠাকুমার কথা মনে পড়লেই পান খেতে ইচ্ছে করে। এমনও হয়েছে, পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গেছি।”
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা বারবার এই অভ্যাস ছাড়তে বললেও এখনো তা সম্ভব হয়নি। তবে নিজেও কম পান খাওয়ার চেষ্টা করছেন বলে জানান এই অভিনেত্রী।
উল্লেখ্য, গত ১০ জুলাই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’। ‘অর্ধাঙ্গিনী’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত এই সিনেমায় আবারও কৌশিক-চূর্ণী-জয়া জুটিকে বড় পর্দায় দেখে দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে।
এসএন/পিডিকে