যেকোন মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন হোক আমাদের অঙ্গীকার : নুরুন্নিসা সিদ্দীকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা বিভাগের সেক্রেটারি সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা বলেছেন, যেকোন মূল্যে জুলাই সনদ বাস্তবায়নই হোক আমাদের অঙ্গীকার।

আজ বুধবার (৫ আগস্ট) উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংসদ সদস্য এইসব কথা বলেন।

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যোগ দিয়ে প্রায় ১৫০০ এর অধিক মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা। কেউ হারিয়েছেন, হাত, কেউ পা, কেউবা হারিয়েছেন চোখ। দুই বছর আগে দেশের অসংখ্য ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব শহীদদেরকে, যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা, সেইসাথে তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করি।

সংসদ সদস্য বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি নাগরিক যেন মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত হয়-এটাই আজকের সময়ের অন্যতম প্রত্যাশা।

জামায়াতের মহিলা বিভাগের প্রধান বলেন, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে দেশের মানুষ গণরায় দিলেও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে যা জাতির জন্য হতাশাজনক। জাতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বিভেদ, প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নুরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, আসুন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমরা সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *