যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান

ইরানের রাজধানী তেহরানের সড়ক। ছবি : এএফপি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দাবি করেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র এই স্মারকের প্রতিটি দিক বা শর্ত লঙ্ঘন করেছে। খবর আলজাজিরার।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত রুট বা পথ এড়িয়ে জাহাজগুলোকে একটি সমান্তরাল রুট ব্যবহারে বাধ্য করছে; যা তার মতে, সমঝোতা স্মারকের শর্তাবলীর সম্পূর্ণ পরিপন্থি।

বাঘাই আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে তারা কেবল নিজেদের আত্মরক্ষা করেছে।

এর আগে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছিলেন যে, ক্রমাগত মার্কিন হামলার মুখে ইরান সমঝোতা স্মারকের অধীনে থাকা তার নিজস্ব প্রতিশ্রুতিগুলো স্থগিত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র এখনো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।

দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকার কাছাকাছি অঞ্চলে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। মেহর জানায়, সর্বশেষ হামলাটি হয়েছে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩টা ১০ মিনিট)।

তবে হরমুজগানের গভর্নর জানিয়েছেন, এই হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান ইরান যুদ্ধ সমঝোতা স্মারক শর্ত লঙ্ঘন

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *