আমেরিকার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে শেষ পর্যন্ত চুক্তির প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে, তার কোনো নিশ্চয়তা নেই। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, তেহরান ওয়াশিংটনের কোনো ‘হুমকির’ পরোয়া করে না।
আজ সোমবার (২৫ মে) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রেসিডেন্টের পাল্টাপাল্টি বিবৃতির পর চলমান ব্যাক-চ্যানেল কূটনীতির ভেতরের কিছু তথ্য সামনে আনেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনা ও পরিস্থিতির যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, তা মূলত পাকিস্তান ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতার কারণে সম্ভব হয়েছে।
মুখপাত্র আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে চলমান এই শান্তি আলোচনার খসড়ায় কেবল হরমুজ প্রণালি উন্মুক্ত করা বা দ্বিপাক্ষিক বিষয়ই নয়, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধ চিরতরে বন্ধ করার একটি সুনির্দিষ্ট শর্ত বা ধারা এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নয়াদিল্লিতে দাঁড়িয়ে ইরানকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক’ আখ্যা দেওয়ার পর, তেহরানের এই কড়া প্রতিক্রিয়া এল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের আমলেই আমেরিকা যেভাবে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে গিয়েছিল, সেই অতীত রেকর্ডের কারণেই ইরান এবার আগাম নিশ্চয়তার দাবি তুলছে।