বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনে ঝড়-বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 

আজ সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার প্রভাবে দেশজুড়ে এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল মঙ্গলবার (২৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। ২৬ মে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চলমান তাপপ্রবাহ : ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৭ মে) : এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৮ মে (ঈদুল আজহার দিন) : পবিত্র ঈদুল আজহার দিনও দেশজুড়ে বৃষ্টির এই ধারা বজায় থাকবে। ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের ৪টি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২৯ মে) : এদিনও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন বৃষ্টিপাতের পরিধি আরও বেড়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের এই সময়সীমা পার হওয়ার পরও দেশজুড়ে বৃষ্টিপাতের এই বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *