যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

দেশের খাদ্য মজুত বাড়াতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ গম আমদানির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ হিসাবে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সিঙ্গাপুর থেকে আমদানি করা গমের প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই গম আমদানির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *