যুক্তরাজ্যে বড় পরিসরে ‘হ্যাকটিভিস্ট হামলার’ শঙ্কা, সতর্ক করল নিরাপত্তা সংস্থা

যুক্তরাজ্য কোনো সংঘাতে জড়িয়ে পড়লে দেশটি বড় পরিসরে হ্যাকটিভিস্ট হামলার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির অনলাইন নিরাপত্তা সংস্থার প্রধান। এসব হামলার প্রভাব সাম্প্রতিক বড় র‍্যানসমওয়্যার হামলার মতোই ভয়াবহ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) গ্লাসগোতে অনুষ্ঠিতব্য সাইবার নিরাপত্তাবিষয়ক বার্ষিক সম্মেলনের ‘সাইবারইউক’ উদ্বোধনী বক্তব্যে এ সতর্কবার্তা দেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রধান নির্বাহী রিচার্ড হর্ন।

তিনি বলেন, বর্তমানে এনসিএসসি যে বড় সাইবার ঘটনার মুখোমুখি হচ্ছে, তার বড় অংশই রাষ্ট্রীয় পক্ষগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।

হর্ন সতর্ক করে বলেন, যদি যুক্তরাজ্য কোনো সংঘাত পরিস্থিতিতে যায় বা তার কাছাকাছি থাকে, তাহলে বড় পরিসরে হ্যাকটিভিস্ট হামলা হতে পারে। এসব হামলার প্রভাব ও জটিলতা র‍্যানসমওয়্যার হামলার মতোই হতে পারে।তবে পার্থক্য হলো—এ ক্ষেত্রে মুক্তিপণ দিয়ে সিস্টেম পুনরুদ্ধারের সুযোগ থাকবে না।

র‍্যানসমওয়্যার হামলায় সাধারণত হ্যাকাররা আইটি সিস্টেম এনক্রিপ্ট করে তা খুলে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করে।সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান এ ধরনের হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
এনসিএসসি প্রধান বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাইবারস্পেস এখন এক ধরনের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি বাড়াতে পারে, তবে একই সঙ্গে প্রতিরক্ষার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *