যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় দুই দিন পার হলেও এখনও নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ দুজন হলেন— নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রী মোরশেদ (২৫) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় খবর পাওয়ার পরপরই ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাল্কহেডটিতে ইঞ্জিন চালকসহ মোট চারজন শ্রমিক ছিলেন। যমুনার তীব্র স্রোতের কারণে বালু বোঝাই বাল্কহেডটি ডুবে গেলে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন তলিয়ে যান।

শরীফুল ইসলাম আরও বলেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুজন বাল্কহেডের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন। তবে নদীতে অতিরিক্ত স্রোত ও পানির গভীরতা বেশি হওয়ায় ডুবুরিদের পক্ষে তলদেশে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রোববার দিনব্যাপী চেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *