মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নিলে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় স্থানীয়দেরও সতর্ক থাকতে দেখা গেছে।
ঘটনার পর ধলা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।