মৃত বন্ধুকে নিয়ে কটূক্তি, সৌদি সমর্থকের আজীবন নিষেধাজ্ঞা দাবি রোনালদোর

মৃত্যুর কয়েক মাস পরও প্রিয় বন্ধু ডিয়োগো জোতার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রুবেন নেভেস। সেই শোকের জায়গাতেই এবার আঘাত করলো গ্যালারির কটূক্তি। ম্যাচ চলাকালে জোতার নাম ধরে স্লোগান দিয়ে নেভেসকে বিদ্রূপ করার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

শনিবার সৌদি প্রো লিগে আল তাওয়ুনের মাঠে আল হিলালের ম্যাচে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আল হিলালের সতীর্থ ক্রিসেনসিও সামারভিলের পাশে দাঁড়িয়ে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেভেস। ঠিক তখনই গ্যালারি থেকে শোনা যায়- ‘জোতা, জোতা, জোতা’ স্লোগান।

নেভেস প্রথমে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেন এবং সমর্থকদের দিকে থাম্বস আপ দেখান। এরপর আকাশের দিকে ও নিজের চোখের দিকে ইঙ্গিত করে স্লোগান দেওয়া গ্যালারির দিকেই আঙুল তোলেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভও গোপন করেননি নেভেস। বলেন, ‘আমি শুধু আশা করি, তারা যা করেছে, তার পর পরে যেন প্রার্থনা করতে না যায়।’

নেভেসের এই প্রতিক্রিয়ার পর এবার সরব হয়েছেন রোনালদো। আল নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ তারকা আন্তর্জাতিক ফুটবলে নেভেস ও জোতার সতীর্থ ছিলেন। ইনস্টাগ্রামে ঘটনাটির প্রকাশিত একটি ভিডিও পোস্টে মন্তব্য করে সৌদি প্রো লিগকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোনালদো লিখেছেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়, এটার অবশ্যই সীমা থাকতে হবে। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনও স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।’

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে নিহত হন জোতা। পর্তুগাল জাতীয় দলে তার সতীর্থ ছিলেন রোনালদো ও নেভেস। শুধু জাতীয় দলেই নয়, নেভেস ও জোতার বন্ধুত্বের শুরু আরও আগে।

পর্তুগালের যুব দল ও পোর্তোর বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলার সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও সতীর্থ ছিলেন দুজন। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। গত বছর জোতার পর্তুগাল দলের ২১ নম্বর জার্সিও নিজের করে নেন তিনি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *