চলতি বছরের এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। আজ বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানায়। টানা চার মাস মূল্যস্ফীতি বৃদ্ধির পর গত মার্চে মূল্যস্ফীতি কমেছিল। সেখান থেকে ফের এপ্রিলে মূল্যস্ফীতি বাড়ল।
বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯ দশমিক শূন্য চার শতাংশ হয়েছে। যা মার্চে ছিল আট দশমিক ৭১ শতাংশ। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক ৩৯ শতাংশে। যা মার্চে ছিল আট দশমিক ২৪ শতাংশ।
গত মার্চে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এপ্রিলে বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য পাঁচ শতাংশে। যা মার্চে ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। এপ্রিলে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য দুই শতাংশে। যা মার্চে ছিল আট দশমিক ৬৮ শতাংশ।