মিসরের পূর্বাঞ্চলীয় সিনাই উপদ্বীপে মরুভূমির বুকে এক মহাসড়কে বুধবার (২ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী বাস উল্টে ২২ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
দক্ষিণ সিনাইয়ের সৈকত, প্রবাল প্রাচীর ও পর্বতময় ভূপ্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত লোহিত সাগরের তীরে রিসোর্ট শহর দাহাব ও নুয়েইবার মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসব শহর বিশ্বজুড়ে পর্যটকদের ভ্রমণের জন্য বেশ আকর্ষণীয়।
জর্ডানের রাষ্ট্রীয় আল-মামলাকা টেলিভিশনের বরাতে এক খবরে জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানি নাগরিক রয়েছেন। তারা জানায়, বাসটিতে ২২ জন জর্ডানিসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১৬ জন বললেও পরে এক ঘোষণায় জানায়, এ সংখ্যা বেড়ে ২২ জন হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
এএফপির ভিডিও ফুটেজে দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে পড়ে থাকতে এবং রাস্তার ধারে সেটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিত্যদিনের ঘটনা। বেপরোয়া ড্রাইভিং, গাড়ির নিম্নমানের রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
গত মাসে, মিসরের উত্তরে কৃষি ক্ষেত্রের শ্রমিক বহনকারী দুটি পিক-আপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়, যাদের মধ্যে অনেকেই ছিল কিশোর-কিশোরী।
মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার মতে, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছে।