মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার করা ছাত্রলীগের ১২ নেতাকর্মী হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এসব কর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে তারা পালানোর চেষ্টা করলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, ‘মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ১২ জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার পর আদালতে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *