মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী হলো—আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। গুরুতর আহত হলো শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার ও আকিতা আক্তারকে মৃত ঘোষণা করেন। লাবিবাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।