নেত্রকোনার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (৬) ও নাফিস (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে পানিতে ডুবে শফিকুল ইসলামের ছেলে রাহাতের মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পুকুরে ডুবে মারা যাওয়া নাফিস রিপন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাহাত। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণ সে মারা যায়।
অন্যদিকে, নাফিস বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কৌশিক দাস জানান, হাসপাতালে আনার আগেই নাফিস মারা গেছে।