রাজধানীর হাজারীবাগে পিকআপ ভ্যান চালক আসাদুল ইসলাম হত্যা মামলায় রাজু হাওলাদার নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার ১৬ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নীপু এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সাফি নেওয়াজ নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক মৃত্যুদণ্ডের পাশাপাশি রাজুকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন—অনিক হাসান শান্ত, সজল মিয়া, কাউছার।
নথি থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে গাড়ি চালানো শেষ করে হাজারীবাগ থানার ঢাকা ট্যানারি মোড়ে গাড়ি পার্কিং করে বাসায় ফিরছিলেন আসাদুল। রাত ১১টা ১০ মিনিটের দিকে আরএস পাম্পের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে। রাস্তায় পড়ে যান আসাদুল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন মারা যান আকিদুল।
এ ঘটনায় আসাদুলের বাবা মোন্নাফ মিয়া ১৯ জুন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলার পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা।