বিস্ফোরক মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটি গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়নের যুবদলনেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়,গত জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে হুমকি দেন। একপর্যায়ে আগিয়া বাজারে তাকে মারধর করে তার টিবিএস মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পূর্বধলা আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা মামলাটিকে মিথ্যা দাবি করে বলেন গত কোরবানির ঈদে হাট-বাজারের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় তা সমাধানও হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করে। যা নিয়ে ইতোমধ্যে আমরা সংবাদ সম্মেলন করে প্রমাণও দিয়েছি। তার পরও আমাদের নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমেদ হারিছ দাবি করেন, তাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *