বিশ্বের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজনগুলোর একটি ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮৩তম আসরে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেনের এই সিনেমাটি উৎসবের ‘হরাইজনস’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নামও রয়েছে। এ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৮টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেখান থেকেই জুরি বোর্ড সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে পুরস্কার বিজয়ীদের নির্বাচন করবে।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অসাধারণ একটি মুহূর্ত। ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া শুধু একজন নির্মাতার নয়, পুরো দেশের চলচ্চিত্রের জন্যই বড় অর্জন।
বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবুও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, সিনেমাটি ভেনিস উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখনই নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনুভব করেছিলেন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত হলো, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ হরাইজনস বিভাগে প্রতিযোগিতা করবে।
ভেনিস উৎসবের ‘হরাইজনস’ বিভাগে মূলত নতুন দৃষ্টিভঙ্গি, ভিন্নধর্মী ভাষা ও গল্প বলার শৈলী নিয়ে নির্মিত সিনেমাগুলো স্থান পায়। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ধারার নির্মাতাদের পরিচিত করে তুলতে এ বিভাগকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া সিনেমাটিতে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।