ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’সমস্যার সমাধান দ্রুতই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ জুন) প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন।
পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুশইনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল এটা। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের ওপরে আসছে। আমি এভাবে মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার ক্ষমতায় এসেছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, তাদের (পশ্চিমবঙ্গ সরকার) একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সঙ্গে ভারতের সরকার আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সময়ে ড. ইউনূস সরকারের সঙ্গে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, এটা কোনোভাবেই তাদের কোনো ইনটেনশনালি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না।
হামের শিশু মৃত্যুর বিষয়ে এখনো কোনো কমিটি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সবার সঙ্গেই কথা বলেছি। মন্ত্রণালয় আপনাদের যেটা জানিয়েছে আমি আসলে সেটুকু কনভে করতে পারি এখন আপাতত। কারণ মন্ত্রণালয়ের স্ট্যান্ড সেটা। উনার (স্বাস্থ্যমন্ত্রী) ওই বক্তব্যটা আমি দেখেছি যখন এই তদন্ত কমিটির কথা এসেছে। তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে এই অসুস্থতাটা নিয়ে তারা চেষ্টা করছেন, এটাকে কত সফলভাবে ভালোভাবে ম্যানেজ করা যায়। সেটা মোটামুটি ম্যানেজড হলেই তারা তদন্ত কমিটি করবেন। মন্ত্রণালয়ের এই অবস্থানটাই আমি আপনাদের জানিয়ে দিলাম।
জাহেদ উর রহমান আরও বলেন, আমি ব্যক্তিগতভাবেও এই খবরটা আবার নেব। তদন্ত কমিটি হয়নি, হলে নিশ্চয়ই আপনারা জানতেন। আপনি যে প্রশ্নটা করেছেন এটা ভ্যালিড, এই জিনিসটা নিয়ে তদন্ত কমিটি… সরকার কিন্তু এটা বলেনি যে, তদন্ত কমিটি করছে না।