ভারত কী বাংলাদেশ সফরে আসবে? যা বললেন তামিম

গত কয়েক দিন ধরেই অনিশ্চয়তার মেঘ জমছিল ভারতের বাংলাদেশ সফর নিয়ে। সেপ্টেম্বরে প্রাথমিক সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) পাঠানোও হয়েছিল। কিন্তু তবুও সরছিল না শঙ্কার কালো মেঘ। আলোচনা চলছিল–নির্ধারিত এই সিরিজটি কি আদৌ হবে?

ভারতের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চললেও সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

প্রাথমিকভাবে চলতি আগস্ট মাসে এই দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে সূচি পিছিয়ে সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়। বিসিবি এই সূচি প্রকাশ করলেও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।

ওয়ানডে সিরিজ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের মতো বাকি থাকলেও সিরিজটি আবার পেছাতে পারে বলে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। সেখানে বয়সভিত্তিক তিনটি দল নিয়ে একটি একদিনের টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি। আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেই টুর্নামেন্টের মাঝে ভারত সিরিজ আয়োজন সম্ভব কি না—জানতে চাওয়া হলে সাবেক অধিনায়ক তামিম বলেন, ‘ভারত সফর নিয়ে দুই বোর্ডই নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বয়সভিত্তিক টুর্নামেন্টটি আপাতত মিরপুরে রাখার সিদ্ধান্ত হলেও ভারত সিরিজের বিষয়টি চূড়ান্ত হলে মাত্র দুই মিনিটেই ম্যাচগুলো বসুন্ধরা মাঠে সরিয়ে নেওয়া সম্ভব।’

চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ভারত সফরের সূচি প্রকাশের পর আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে দুই বোর্ডের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সেই জটিলতা আরও বাড়ে।

অবশ্য চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল ভারতে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ পরিদর্শনে গেলে বরফ গলতে শুরু করেছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও শেখ হাসিনার সম্প্রতি দেওয়া সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের যে প্রভাব পড়েছে, তা ক্রিকেট অঙ্গনেও কিছুটা চাপ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *