বিশ্বকাপের উন্মাদনা এখন অনেকটাই মিলিয়ে গেছে। তবে ফুটবলপ্রেমীদের ফুটবলীয় উন্মাদনা দিতে শুরু হচ্ছে ক্লাব ফুটবল। মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর আসর ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। আজ শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল আর প্রিমিয়ার লিগে নতুন ওঠা দল কোভেন্ট্রি সিটি। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের এই লড়াই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল। এবারের আসরে কোভেন্ট্রি সিটির পাশাপাশি চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা অন্য দুটি দল হলো ইপসউইচ টাউন ও হাল সিটি।
অন্যদিকে গত মৌসুমে অবনমনের কারণে প্রিমিয়ার লিগ ছেড়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড, বার্নলি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। উইকএন্ডজুড়ে বাকি ম্যাচগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি মাঠে নামবে।
আসছে একগুচ্ছ নতুন নিয়ম
মাঠের খেলা আরও গতিশীল করতে এবং অহেতুক সময় নষ্ট করার প্রবণতা রুখতে প্রিমিয়ার লিগে এবার বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে। সম্প্রতি বিশ্বকাপের পর এবার ইপিএলেও কার্যকর হচ্ছে এই নিয়মগুলো।
৫ সেকেন্ডের কাউন্টডাউন
থ্রো-ইন বা গোল-কিকের সময় কোনো খেলোয়াড় দেরি করলে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্দিষ্ট সময়ে থ্রো না করলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোল-কিকে দেরি হলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।
১০ সেকেন্ডে মাঠ ছাড়ার নিয়ম
বদলি খেলোয়াড় নামার সময় মাঠ ছেড়ে যাওয়া ফুটবলারকে ১০ সেকেন্ডের মধ্যে নিকটতম সীমানারেখা দিয়ে বের হতে হবে। অন্যথায়, নতুন নামা খেলোয়াড়কে ১ মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে। এই সময়ে দলকে ১০ জন নিয়ে খেলতে হবে।
আহত খেলোয়াড়দের ১ মিনিট মাঠের বাইরে
চোটের কারণে কোনো খেলোয়াড় খেলা থামালে তাকে চিকিৎসার জন্য অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
গোলরক্ষকদের ট্যাকটিক্যাল টাইমআউট বন্ধ
গোলরক্ষক যদি চোটের কারণে চিকিৎসার দাবি জানান, তবে কোচের নির্দেশে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে।
হ্যান্ডবল ও ভিএআরের নতুন পরিধি
ডি-বক্সে বল সচল হওয়ার পর ডিফেন্ডারের হাতে লাগলে সরাসরি পেনাল্টি দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত এবং সেট-পিসের ঠিক আগের মুহূর্তের ফাউল থেকে হওয়া গোল এখন থেকে ভিএআর রিভিউ করতে পারবে।