ভারতের ৯ শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং

সংগীত ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। দীর্ঘ ২০ বছরের এই বর্ণিল সংগীতযাত্রা উদ্‌যাপনে ভক্ত-শ্রোতাদের জন্য বড় ঘোষণা দিয়েছেন তিনি। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের ৯টি শহরে স্টেডিয়াম স্কেলে বিশাল কনসার্ট আয়োজনের কথা জানিয়েছেন এই শিল্পী।

ভারতের আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো। তবে চমকপ্রদ বিষয় হলো, এই তালিকায় কলকাতার নাম রাখা হয়নি। দুই দশকের এই সফরকে স্মরণীয় করে রাখতে কনসার্টগুলোতে যুক্ত করা হচ্ছে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, কাইনেটিক এলইডি, প্যানোরামিক স্ক্রিন ও লেজার অ্যারে’র মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা শ্রোতাদের দেবে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

ভক্তদের উদ্দেশে অরিজিৎ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘২০ বছরের গানের দুনিয়া এক দারুণ সফর। আর এর সবচেয়ে বড় অংশ হয়ে থেকেছেন শ্রোতারাই। মঞ্চে লাইভ পারফর্ম করতে এবং সবার ভালোবাসার সাক্ষী হতে আমার আর তর সইছে না।’

চলতি বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসরের গুঞ্জন ও ঘোষণা নিয়ে আলোচনায় আসলেও নিজের মতো করে গান ও সৃজনশীল কাজে নিয়মিত আছেন এই শিল্পী। এবার দুই দশকের ক্যারিয়ার পূর্তির এই ঘোষণায় নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে তার ভক্তদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *