অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করার পর এবার গায়িকা হিসেবেও নিজের জনপ্রিয়তা আরও শক্ত করছেন নুসরাত ফারিয়া। তার গাওয়া ‘লোকে বলে’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে। মাত্র এক মাসেই ইউটিউবে গানটির ভিউ পৌঁছেছে প্রায় ৬০ লাখে।
ভক্তদের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘লোকে বলে’ গানের একটি স্পেশাল ভার্সন প্রকাশ করেছেন ফারিয়া। নতুন এই সংস্করণের সঙ্গে এসেছে একটি নতুন ভিডিও, যেখানে গানটি তুলে ধরা হয়েছে আগের চেয়ে ভিন্ন আবহে।

নতুন ভার্সনে কিছুটা ধীর লয়ে গানটি গেয়েছেন নুসরাত ফারিয়া। ভিডিওতে তাকে লন্ডনের বিভিন্ন সড়কে স্বতঃস্ফূর্তভাবে হাঁটতে দেখা যায়। সাদা পোশাকে তার স্নিগ্ধ উপস্থিতি ও ভিডিওর নান্দনিক নির্মাণ দর্শকদের নজর কেড়েছে।
ভিডিওটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে ফারিয়া লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। “লোকে বলে” এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

প্রকাশের পর নতুন ভিডিওটিও দ্রুত সাড়া ফেলেছে। মাত্র চার ঘণ্টায় ভিডিওটির ভিউ হয়েছে প্রায় সাত লাখ। এ সময়ের মধ্যে এতে ২২ হাজারের বেশি রিঅ্যাকশন এবং পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়েছে।
‘লোকে বলে’ গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ মিউজিক।
এসএন/পিডিকে