ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি চলে যাওয়ার পরও সেখানে উচ্চশব্দে গানবাজনা চলছিল। পরদিন বুধবার পরীক্ষা থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটার কথা জানিয়ে কয়েকজন মাদ্রাসাছাত্র পুলিশ লাইন্সে গিয়ে শব্দের মাত্রা কমানোর অনুরোধ করেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
মাদ্রাসা শিক্ষার্থীদের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও শব্দ না কমিয়ে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পাশাপাশি অবস্থান হওয়ায় শব্দের কারণে একটি ভুল-বোঝাবুঝি থেকে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত অতি উৎসাহীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।