চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়। পরে তারা জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। সীমান্ত পারাপারে বেনীপুর এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তি সহায়তা করেছে বলে স্থানীয়দের মাধ্যমে অভিযোগ উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক পাঁচজনের পরিচয় ও সীমান্ত প্রবেশের বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে একজন নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেছেন এবং হিন্দি ভাষায় কথা বলছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।