ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ড. আবুল বারাকাত গ্রেপ্তার

রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ জুন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আমজাদ হোসেন তালুকদার ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে আজ ১৪ জুন শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানির সময় আজ আবুল বারাকাতকে আদালতে হাজির করা হয়। এরপরে তার আইনজীবী শাহীনুর ইসলাম গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলহাজ আব্দুর রউফ, ড. আবুল বারকাতসহ অন্যান্য আসামি পরস্পরের যোগসাজশে উসকানিমূলক বক্তব্য, নির্দেশনা, অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মাধ্যমে আন্দোলন প্রতিহত করার পরিকল্পনা করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বহু মানুষ হতাহত হন। ওই ঘটনায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আবেদনে বলা হয়, ঘটনার দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ সমর্থকদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছিলেন ড. আবুল বারকাত।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপরে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *