বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা মো. সোহাগ মৃধাকে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় মারামারি, হত্যাচেষ্টা, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১৪ জুন) আদালতের মাধ্যমে সোহাগ মৃধাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
গ্রেপ্তার হওয়া সোহাগ মৃধা উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সারমিন সুলতানা, তার স্বামী শাহরিয়ার আহম্মেদ এবং ননদ মাহিনুর বেগম নিজ বাড়ির বৈঠকখানায় বসে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে সোহাগ মৃধাসহ কয়েকজন অভিযুক্ত সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলাকারীরা শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সোহাগ মৃধা হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি সরে যাওয়ায় কোপটি তার বাম চোখের ভ্রুর ওপর লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরির একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। দুই নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় ১১ জুন মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) অনুপ দাস।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোহাগ মৃধার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মির্জাগঞ্জ থানায় ২০২৫ সালের ২৭ নভেম্বর তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ রয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি তোহিদুজ্জামান জানান, সোহাগ মৃধাকে আজ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০২৫ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালা মানিক’ নামের একটি গরু ঈদে উপহার দিয়েছিলেন সোহাগ মৃধা। ট্রাকে করে সাজিয়ে ঢাকায় নেওয়ার পর খালেদা জিয়া গরুটি উপহার হিসেবে গ্রহণ করে সোহাগকে ফেরত দেন এলাকার নেতাকর্মীদের নিয়ে ঈদ করার জন্য। কিন্তু তিনি কালা মানিককে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদে জবাই না করে এ বছর ঢাকায় নিয়ে ২১ লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে।